গোধূলির আলোয় ঘরে ফেরা, দুধকুমারের চরে কৃষকের নিত্যদিনের গল্প
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
ছবি -ধরলা পোস্ট
অনিল চন্দ্র রায়, ভুরুঙ্গামারী থেকে ফিরে:
দিনভর পরিশ্রম শেষে গোধূলির মায়াবী আলোয় বাড়ির পথে ফিরছেন কৃষকরা। কারও কাঁধে কৃষিকাজের সরঞ্জাম, কারও হাতে কাজের উপকরণ, আবার কেউ ফিরছেন সঙ্গে থাকা পুরোনো সাইকেলটি নিয়ে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে নদীর বুকে ছড়িয়ে পড়া সোনালি আভা আর সবুজ ঘাসে ঢাকা চরাঞ্চল যেন তুলে ধরেছে গ্রামীণ জীবনের এক চিরচেনা দৃশ্যপট।
সম্প্রতি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দুধকুমার নদের চরাঞ্চলের কৃষক কাজ শেষে এভাবেই বাড়ি ফেড়ার মুহূর্ত। তারা প্রতিদিনের মতো এভাবেই কাজ শেষে বাড়ি ফিরেন চরাঞ্চলের কৃষকরা। এ সময় দূরে নদীর বুকে খেলায় মগ্ন শিশু-কিশোর, পেছনে বিস্তৃত নদী আর সেতু সব মিলিয়ে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার এক অপূর্ব দৃশ্যপট।
চরাঞ্চলের মানুষের জীবন প্রকৃতিনির্ভর। নদীর বুকে জেগে ওঠা চরে ফসল ফলানো, গবাদিপশু পালনসহ নানা কাজে দিন কাটে তাঁদের। জীবিকার তাগিদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কর্মযজ্ঞ। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফেরার পথে তাঁদের চোখেমুখে থাকে আপন ঠিকানায় ফেরার প্রশান্তি দেখা গেছে।
নদী, চর আর মানুষের জীবন, এই তিনের মেলবন্ধনে গড়ে উঠেছে উত্তর জনপদের গ্রামীণ জনপদ। দুধকুমারের বুকে গোধূলির এমন দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্যই তুলে ধরে না, বরং স্মরণ করিয়ে দেয় গ্রামবাংলার শ্রমজীবী মানুষের প্রতিদিনের সংগ্রাম ও জীবনের সহজ-সরল গল্প।
সেখানে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিক এস. দিলীপ রায় বলেন, গোধূলি লগ্নে একদিকে দিনভর কাজ শেষে কৃষকেরা বাড়ি ফিরছেন, অন্যদিকে নদীর বুকে খেলায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। পেছনে বিস্তৃত নদীর জলরাশি আর সেতু, সব মিলিয়ে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার এক অপূর্ব দৃশ্যপট ফুটে উঠেছে। সত্যিই, এমন মনোমুগ্ধকর দৃশ্য অনেক দিন পর দেখতে পেলাম। তিনি শহরে থাকা মানুষদের গ্রামে আসার বার্তা দেন।